খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে যা বললেন মির্জা ফখরুল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা একটু ভালো বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, খালেদা জিয়া এখন সিসিইউতে রয়েছেন।
আজ শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্রের তিনজন চিকিৎসক এসে কিছু প্রসিডিওর করতে পেরেছেন, তিনি সিসিইউতে আছেন, তিনি কিছুটা ভালো আছেন।
বিএনপির এই মহাসমাবেশকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং সরকারের নানা উসকানিমূলক বক্তব্যের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘ইতিমধ্যে অনেকগুলো কর্মসূচি আমরা সফলতার সঙ্গে করেছি। এত কিছুর পরও। এর আগেও রেইড হয়েছে। এর আগেও মারপিট করেছে। মেরে ফেলেছে গুলি করে। তারপরও কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এতটুকু সরিনি। আমরা শান্তিপূর্ণভাবে এই সরকারের পতন ঘটাতে চাই।’
মির্জা ফখরুল আরও বলেন, তারা যদি কোনো রকমের বাড়াবাড়ি করে অত্যাচার নির্যাতন করে তার দায়দায়িত্ব সম্পূর্ণ সরকারকে বহন করতে হবে। পরিণতি যেটা হবে তার দায়দায়িত্ব তাদের। বিএনপির সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করছে, করবে।
আরও পড়ুনঃ শেখ হাসিনাকে পদত্যাগে কোনো ডেডলাইন দেয়নি যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়





