খালেদা জিয়ার অবস্থা পূর্বের মতোই, কেউ গুজবে কান দেবেন না: রিজভী
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক মাধ্যমে ও বিভিন্ন মহলে যেসব গুজব ছড়ানো হচ্ছে, তা পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, “দেশনেত্রী এখনো এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে পূর্বের মতোই চিকিৎসাধীন। গতকাল ও পরশু যে অবস্থায় ছিলেন, আজও ঠিক সেই অবস্থায় আছেন। এর বাইরে কোনো নতুন আপডেট নেই। অন্য যে যা-ই বলুক, এতে কেউ যেন বিভ্রান্ত না হন।”
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে মোহাম্মদপুরে দলের কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলামের বাসভবনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি গোটা জাতির নেত্রী। আজ সারাদেশের মানুষ—ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, পেশাজীবী, সুশীল সমাজ—সবাই তার জন্য দোয়া করছেন। তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীকে ঘিরে গোটা জাতি আজ বেদনাবিধুর।”
তিনি আরও বলেন, “বন্দি অবস্থায় তিনি সন্তান হারিয়েছেন, অকথ্য নির্যাতন সহ্য করেছেন। তবু তাকে এই মাটি ও দেশ থেকে সরিয়ে দেওয়া যায়নি। আজও তিনি গুরুতর অসুস্থ, কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে জনগণের কাছে ফিরে আসেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, ডা. মাহবুবুর রহমান শামীম, ডা. জাহিদুল কবির, সাংবাদিক রাশেদুল হক, ওমর ফারুক কায়সার, ডা. আউয়াল, জাকির হোসেন, রাজু আহমেদসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সাম্প্রতিক দিনগুলোতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ বাড়লেও বিএনপির পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে, তিনি মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে আছেন এবং চিকিৎসা অব্যাহত রয়েছে।





