কিশোরগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষে নিহত ২
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা কৃষক দল ও ছাত্রদলের নেতা বলে দাবি করেছে বিএনপি।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের ছয়সূতী এলাকায় এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নে আঞ্চলিক সড়কের অবস্থান নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলেও সড়কে মিছিল করেন তারা। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ বাধে।
বিএনপি নেতাকর্মীদের দাবি, সংঘর্ষে পুলিশের গুলিতে ছয়সূতী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি রেফায়েত উল্লাহ (২২) এবং একই ইউনিয়েনের ৫ নম্বর ওয়ার্ড কৃষক দলের সদস্য বিল্লাল হোসেন (৩০) নিহত হয়েছেন।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্সের দাবি, আমাদের দুজন কর্মী নিহত হয়েছেন। পুলিশের গুলিতে তারা মারা গেছে।
আরও পড়ুনঃ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে: সিইসি





