কক্সবাজারে পুকুরে ডুবে দুই শিশুর প্রাণহানি
কক্সবাজারের মহেশখালীর ঘোনারপাড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু পরস্পরের প্রতিবেশী।
শুক্রবার দুপুরে মহেশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ঘোনারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো, ঘোনার-পাড়ার রিয়াজুল করিমের মেয়ে তাহালিশা মনি এবং একই এলাকার শফিউল আলমের মেয়ে আলিফা মনি।
এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী জানায়, শুক্রবার দুপুরে মহেশখালী পৌরসভার পূর্ব ঘোনারপাড়ায় তাহালিশা মনি ও আলিফা মনিসহ স্থানীয় কয়েক শিশু মিলে নিজেদের বাড়ির উঠানে খেলছিল। এ সময় তারা খেলতে খেলতে প্রতিবেশী মীর কাসেম আলীর বসত বাড়ির পুকুর পাড়ে যায়। একপর্যায়ে আলিফা ও তাহালিশা পুকুরের পানিতে পড়ে যায়। পরে অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। এ সময় তারা দুই শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, পুকুরে ডুবে তাদের মৃত্যু নিয়ে স্বজনদের কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। বিকেলে শিশুদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুনঃ “প্রতিবন্ধীদের ছাড়া রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়”





