এসএসসির প্রশ্নফাঁস: কুড়িগ্রামে ৩ শিক্ষক গ্রেপ্তার
এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মামলা হয়েছে। এ মামলায় কেন্দ্র সচিবসহ তিন স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শিক্ষকেরা হলেন—ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. লুৎফর রহমান, সহকারী শিক্ষক মো. জোবাইর হোসেন ও মো. রাসেল।
গতকাল মঙ্গলবার রাতে ভূরুঙ্গামারীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুনঃ অসম শিক্ষা বিশ্বকে বিভক্ত করছে: জাতিসংঘ মহাসচিব
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, কেন্দ্র সচিবের কক্ষ থেকে গণিত (আবশ্যিক), উচ্চতর গণিত, কৃষিশিক্ষা, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের প্রশ্নপত্রের প্যাকেট উদ্ধার করা হয়। এর মধ্যে একটি প্যাকেট ছাড়া সব কটি প্যাকেটের মুখ খোলা ছিল।
এর আগে গতকাল রাতে নেহাল উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আদম মালিক চৌধুরী বাদী হয়ে মামলা করেন। এ ছাড়া নেহাল উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষক হামিদুর রহমান ও মো. সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।
এদিকে আজ বুধবার সকালে দিনাজপুর শিক্ষা বোর্ডের চারটি বিষয়ের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ সকালে চারটি পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়। বিষয়গুলো হলো—গণিত, কৃষিশিক্ষা, পদার্থবিজ্ঞান ও রসায়ন। তবে শিক্ষা বোর্ডের ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিবার্য’ কারণে ওই চার বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণিত, কৃষিশিক্ষা, পদার্থবিজ্ঞান ও রসায়ন—এই চার বিষয়ের পরীক্ষার তারিখ পরে জানানো হবে।





