একমত হওয়া দলগুলোকে নিয়েই নির্বাচনী মাঠে থাকব’: আসিফ মাহমুদ
নির্বাচনী ডামাডোলের মধ্যে জোটের সমীকরণ ও নিরাপত্তা নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর ঝিগাতলায় দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপি’র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, যারা আদর্শিক ও কৌশলগতভাবে তাদের সঙ্গে একমত হতে পারবে, কেবল তাদের নিয়েই নির্বাচনী প্রচারণা চালাবে দল।
চরমোনাই জোটের আলাদা নির্বাচনের ঘোষণার প্রতিক্রিয়ায় আসিফ মাহমুদ বলেন, “আমরা ১০টি দল নির্বাচনে অংশ নিতে ঐক্যবদ্ধ হয়েছি। এর মধ্যে ইসলামী আন্দোলন আলাদা নির্বাচনের ঘোষণা দিয়েছে। এটি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। তবে আমরা আমাদের নীতিতে অটল। যারা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে একমত হতে পারবে, তাদের নিয়েই আমরা সামনের দিকে এগোব এবং নির্বাচনী প্রচারণা চালিয়ে যাব।”
নির্বাচনী প্রচারণায় বিভিন্ন স্থানে প্রার্থীর অনুসারী ও কর্মীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন আসিফ মাহমুদ। বিশেষ করে ময়মনসিংহে প্রার্থীর অনুসারীর ওপর হামলা এবং নারায়ণগঞ্জের অপ্রীতিকর ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন:
তিনি অবিলম্বে এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার এবং প্রার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি জোর আহ্বান জানান।
১০ দলীয় জোটের পক্ষ থেকে জনগণের ম্যানডেট নিয়ে জয়ী হওয়ার আশা প্রকাশ করে এনসিপি মুখপাত্র বলেন, “আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। ভোটাররা যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ তৈরি করা নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব। আমরা প্রত্যাশা করি, কমিশন তাদের সক্ষমতা প্রমাণ করবে।”
সংবাদ সম্মেলনের শুরুতেই আসিফ মাহমুদ উত্তরার ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ছয় সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।





