ঋণের সঠিক ব্যবহারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বস্তি: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ঋণের অর্থের যথাযথ ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের উপর ঋণের বোঝা কমাতে সরকার কাজ করে যাচ্ছে।
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট পাসের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ড. সালেহ উদ্দিন জানান, “দুর্বল প্রতিষ্ঠান ও জনবলের সংকট বাজেট বাস্তবায়নে প্রধান চ্যালেঞ্জ। তবে আমাদের দক্ষতার কারণে বিদেশি সহায়তা আসছে এবং ভবিষ্যতে এটি আরও বাড়বে।” তিনি বলেন, মোট ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অপরিবর্তিত রেখে পাস করা হয়েছে, যেখানে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা এবং বাজেট ঘাটতি ৩.৬২ শতাংশ।
বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। এছাড়া, বাজেট সহায়তা হিসেবে ২.৩ বিলিয়ন ডলার প্রত্যাশিত। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৫.৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে।





