উড়োচিঠি দিয়ে পুলিশ সদর দপ্তর ও বইমেলায় হামলার হুমকি
বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বরাবর নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম থেকে বোমা হামলার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার এ বিষয়ে বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন ।
ওই চিঠিতে বলা হয়েছে, যাত্রাবাড়ীর দুটি বড় আবাসিক হোটেলে প্রকাশ্য দিবালোকে দেহব্যবসা হয়। এগুলো বন্ধ করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়। কিন্তু পুলিশ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। যাত্রাবাড়ীতে দেহব্যবসা বন্ধ না হলে পাকিস্তানের করাচীর মতো পুলিশ সদর দপ্তরে বোমা মেরে পুলিশকে হত্যা করা হবে। এছাড়া অমর একুশে বইমেলাতেও বোমা মারা হবে। চিঠি পাওয়া মাত্র যদি দেহব্যবসা বন্ধ না হয় তবে বাংলা একাডেমি আয়োজিত বইমেলায় বোমা মেরে হামলা করা হবে।
এ বিষয়ে রমনা বিভাগের ডিসি বলেন, বাংলা একাডেমির মহাপরিচালককে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম একটি চিঠি দিয়েছে। এরকম একটি চিঠির খবর বৃহস্পতিবার জিডির মাধ্যমে জানতে পেরেছি। মনে হচ্ছে তারা মনোযোগ আকর্ষণের জন্য এ ধরনের চিঠি দিয়েছে। চিঠিটি হাতে লেখা। মাওলানা মো. সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির স্বাক্ষর করা চিঠিটি বাংলা একাডেমির মহাপরিচালককে পাঠানো হয়েছে।
চিঠিটির বিষয় নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ “দেশে হৃদরোগের ৯৫ থেকে ৯৮ শতাংশ চিকিৎসার সক্ষমতা রয়েছে”





