আরও ১০টি এয়ারবাস কিনবে সরকার
বাংলাদেশের বহরে এয়ারবাসের নতুন আরও ১০টি উড়োজাহাজ যোগ হতে পারে বলে জানিয়ে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, একই ধরনের উড়োজাহাজ না কিনে দুই ধরনের কিনলে ভালো হবে। বোয়িং এর চেয়ে কম মূল্য ও প্রযুক্তিগত সুবিধা থাকায় সরকার এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনা করছে।
আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অ্যানি ম্যারি ট্রেভেলেইনের সাথে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বেসামরিক বিমান খাতে কী করা যায়, সেটাই ছিল আমাদের আলোচনার মূলকেন্দ্র। তারা আমাদের নতুন বিমানবন্দর দেখেছেন। তারা বুঝতে পেরেছেন যে এখানে অনেক কাজ হবে। ইউরোপে তারা এয়ারবাস বানায়, আমাদের বোয়িং আছে। আমরা এয়ারবাস কেনার কথাও ভাবছি।
তিনি বলেন, এয়ারবাস এরইমধ্যে অর্থনৈতিক প্রস্তাব দিয়েছে। সেগুলো ভালোভাবে পরীক্ষা করে আমরা সিদ্ধান্ত নেব। এবারই তারা একটি সমঝোতা স্মারকে সই করার কথা বলেছিল। কিন্তু আমরা বলেছি, এবার আমরা এটা করবো না।





