“আমার নির্বাচনী এলাকার লোকজনকে এনে আমি মেট্রোরেলে চড়াব”
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ নিজের নির্বাচনী এলাকার লোকজনকে মেট্রোরেলে চড়ানোর আশা ব্যক্ত করেছেন।
তিনি বলেন, আমাদের দেশে মেট্রোরেল হবে, তা কেউ ভাবেনি। আমার নির্বাচনী এলাকার লোকজনকে এনে আমি মেট্রোরেলে চড়াব।
আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, মেট্রো রেলের প্রতিদিনের টিকিটের ভাড়া একটু বেশি হলেও মাসিক বা ত্রৈমাসিক টিকিট কিনলে ভাড়া অনেক কম পড়বে। দেশে মেট্রোরেল চালু হচ্ছে সেটিই অনেক বড় ব্যাপার।
এদিকে গুম-খুন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, এ দেশে গুম খুনের রাজনীতি জিয়াউর রহমানই শুরু করেছিলেন। জিয়াউর রহমানের আমলে পুরো দেশটাকে কারাগার বানানো হয়েছিল। তখন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। খালেদা জিয়াও তার আমলে এই দেশটাকে একই কায়দায় কারাগারে বানিয়েছিলেন।
তিনি বলেন, দেরিতে হলেও বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতাদের ডিভিশন দেয়া হয়েছে। তাদের জামিন দেয়ার বিষয়টি আদালতের এখতিআর।
বিএনপির সিনিয়র নেতা মঈন খানের এক বক্তব্যের জবাব দিতে গিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, মঈন খান ভুলে গেছেন তার বাবা জিয়াউর রহমানের মন্ত্রিসভার খাদ্যমন্ত্রী ছিলেন। তখন দেশে কারফিউ দিয়ে রাখা হতো। ঢাকা-চট্টগ্রামসহ বড় বড় শহরে কারফিউ থাকতো। পুরো শহর যেন কারাগার ছিল। আজ কি সে পরিস্থিতি আছে? তার প্রতি সম্মান রেখে বলতে চাই তিনি বাবার আমলের কথা মনে করে মন্তব্য করছেন।
৩০ ডিসেম্বর বিএনপির গণমিছিল প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, গত ১০ ডিসেম্বর বিএনপির খেলা দেখেছি। তারা এমন হারা হেরেছে যে আর কী খেলা দেখাবে। ফেসবুকে দেখেছি গরুর হাটে সমাবেশের পর একটি ঘোড়া তিনটি ডিম পেড়েছে। আমি তো মনে করি ৩০ ডিসেম্বর গাধার ডিম পারবে।
আরও পড়ুনঃ বুধবার ১১টায় মেট্রোরেলের উদ্বোধন: সেতুমন্ত্রী





