আফগান নারীদের পার্কে যাওয়া নিষিদ্ধ করেছে তালেবান
আফগানিস্তানের রাজধানী কাবুলের পার্ক ও বিনোদনকেন্দ্রগুলোতে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান সরকার।
বৃহস্পতিবার দেশটির পূণ্য সম্প্রসারণ ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকিফ মোহাজের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে আফগান নারীরা রবিবার, সোমবার ও মঙ্গলবার পার্কে যেতে পারতেন। বাকী চারদিন পুরুষরা যেতে পারতেন। তবে এখন পুরুষ আত্মীয়-স্বজন বা অভিভাবকরা সঙ্গী হলেও নারীদের পার্কে প্রবেশ করতে দেওয়া হবে না।
মুখপাত্র আকিফ মোহাজের এ বিষয়ে জানান, আমরা এটা করেছি কারণ গত ১৫ মাস ধরে দেখা গেছে যে, নারী-পুরুষ অবাধে পার্কে ঘোরাফেরা করছেন, জিমে যাচ্ছেন। তাদের অনেকেই ইসলামিক শরিয়া আইন মানছেন না। এই নিষেধাজ্ঞা সব আফগান নারীর জন্য। তাদের সঙ্গে মাহরাম বা পুরুষ আত্মীয়-স্বজন থাকলেও কাবুলের পার্ক, জিম ও বিনোদনকেন্দ্রগুলোতে প্রবেশ করতে পারবেন না।
বিনোদন পার্কগুলোতে অনেকেই সন্তানদের নিয়ে ঘুরতে বের হন। বিশেষ করে যেসব পার্কে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে। এরমধ্য দিয়ে সেপথও বন্ধ হয়ে গেল আফগান নারীদের।





