“আওয়ামী লীগ কখনোই উদার গণতন্ত্র,শান্তির পরিবেশ বজায় রাখাতে বিশ্বাস করে না”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ কখনোই উদার গণতন্ত্র, সামাজিক স্থিতি ও শান্তির পরিবেশ বজায় রাখাতে বিশ্বাস করে না। শুধু গদি আঁকড়ে রাখতে অবৈধ ক্ষমতাসীনরা দুঃশাসন জিইয়ে রাখতেই অতিশয় উৎসাহী।
সোমবার লালমনিরহাটের মহেন্দ্রনগর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ফেরদৌস আলীকে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেয়া এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘লালমনিরহাটে খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ফেরদৌস আলীকে দুষ্কৃতকারীদের দ্বারা হত্যা এক ভয়ানক দৃষ্টান্ত। জনগণ এই অমানবিক ও হৃদয়বিদারক ঘটনার বিচার একদিন বাংলাদেশের মাটিতেই করবে ইনশাআল্লাহ। সবকিছুরই শেষ পরিণতি আছে।’
বিএনপি মহাসচিব বিবৃতিতে ফেরদৌস আলীকে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে নিহত ফেরদৌস আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুনঃ “স্বাস্থ্যবিষয়ক গবেষণায় চিকিৎসকদের মনোযোগী হবারও আহবান জানালেন প্রধানমন্ত্রী”





