অনেক মহল দেশের সাফল্যকে ইতিবাচকভাবে নেয় না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি একজন নারী হয়েও টানা তিন মেয়াদে ক্ষমতায় থেকে দীর্ঘদিন ধরে দেশ পরিচালনা করছি। আমি সফলতার সাথে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি। আমি দেশকে (আমূল) বদলে দিয়েছি। সবাই এটিকে (এই সাফল্য) ইতিবাচকভাবে দেখবে না।
শুক্রবার গণভবনে তার ত্রাণ তহবিলের জন্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে অনুদান গ্রহণের সময় তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ঘুমন্ত কর্মীকে গাড়ির ভেতরে রেখেও বাসে আগুন দেওয়া হয়। আমি জানি না কেন এমন ঘটনা ঘটানো হচ্ছে।
তিনি বলেন, বিগত ১৫ বছরে বাংলাদেশের অগ্রগতি সবার কাছে দৃশ্যমান হওয়ায় সবাই এখন বাংলাদেশকে সম্মান করে। আজকের বাংলাদেশ ১৫ বছর আগে যা ছিল তার থেকে বদলে গেছে। এখন সবাই এটাকে সম্মান করে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত। বাংলাদেশের অগ্রগতি সবার চোখে পড়ার মতো।
প্রধানমন্ত্রী সবাইকে কাজ করতে বলেন, যাতে ভবিষ্যতে দেশের অগ্রগতির ধারা বজায় থাকে। আসন্ন শীত মৌসুমে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও অন্যান্য গরম কাপড় বিতরণের জন্য এ অনুদান গ্রহণ করা হয়।
আরও পড়ুনঃ “বিএনপির লক্ষ্য গণতন্ত্র নয়, চোরাগোপ্তা হামলা করে শেখ হাসিনার পতন”





