আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িতরা নজরদারিতে: ডিবি প্রধান
আদালত প্রাঙ্গণ থেকে দীপন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই জঙ্গি সদস্য ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িতরা নজরদারিতে রয়েছেন, খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
আজ সোমবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের একথা বলেন তিনি।
ডিবি প্রধান বলেন, আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়া জঙ্গিদের সিসিটিভি পর্যালোচনা করে শিগগিরই গ্রেফতার ও আইনের আওতায় আনা হবে। তারা যাতে পালাতে না পারে সেজন্য ইতোমধ্যে পুলিশপ্রধান সারাদেশে রেড অ্যালার্ট জারি করেছেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে খুব শীঘ্রই এ ঘটনার মাস্টার মাইন্ড মেজর জিয়াসহ অন্যান্যদের গ্রেফতার করা হবে। পলাতক জঙ্গি ও ছিনতাইয়ের সহযোগীরা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে। তাদেরও গ্রেফতার করা হবে।
হারুন অর রশিদ বলেন, জঙ্গিরা পালিয়ে যাওয়ার পরপরই ডিবি, সিটি ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেন। এ ঘটনায় প্রাথমিকভাবে রাজধানীর বিভিন্ন অলি-গলিতে চেকপোস্ট স্থাপন এবং তল্লাশিও চলছে। আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় ২০ জনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। পালানোর চেষ্টা করা দুই জঙ্গিসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সবকিছু মিলিয়ে তদন্ত চলছে।
দায়িত্ব অবহেলার কারণে ডিএমপি কমিশনার ইতোমধ্যেই পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচ পুলিশ বরখাস্ত





