রোয়াংছড়ি-রুমায় বহাল ভ্রমণ নিষেধাজ্ঞা
বান্দরবানের থানচিতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও রোয়াংছড়ি ও রুমা উপজেলায় আগামী ২০ নভেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
আজ বুধবার বিকালে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে সপ্তমবারের মত ওই দুই উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ায় প্রশাসন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগের জারি করা গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে সাতটি উপজেলার মধ্যে শুধু রোয়াংছড়ি এবং রুমায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী ২০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। এ ছাড়া অন্য উপজেলাগুলোতে আগের মত ভ্রমণ করা যাবে।
সম্প্রতি র্যাবের পক্ষ থেকে ঢাকায় সংবাদ সম্মেলন করে জানানো হয়, দেশের কয়েকটি জেলা থেকে ‘নিখোঁজ তরুণরা’ নতুনভাবে গড়ে উঠা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে একটি সশস্ত্র দলের ছত্রছায়ায় জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে। এরপর থেকে রুমা, রোয়াংছড়ি এবং রাঙ্গামাটির বিলাইছড়ি বড়থলি ইউনিয়ের সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে।





