তত্ত্বাবধায়ক সরকার এখন মামাবাড়ির আবদার: ওবায়দুল কাদের
বিএনপি হারিয়ে যাওয়া হাওয়া ভবন আর সেই ময়ূর সিংহাসন ফিরে পেতে আন্দোলন করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার এখন মামাবাড়ির আবদার। ফখরুল সাহেব তত্ত্বাবধায়ক সরকারের কথা ভুলে যান। ওটা এখন মিউজিয়ামে। শেখ হাসিনার উন্নয়ন দেখে ওদের এখন জ্বালা বেড়েছে।।
আজ রোববার দুপুরে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড মাঠে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, টাকা উড়ছে আকাশে, টাকা উড়ছে বাতাসে। ফখরুল ইসলাম টাকার বস্তার ওপর বসে আছেন। তাদের মনোনয়ন বাণিজ্য শুরু হয়ে গেছে। টাকা নিয়ে কাকে মন্ত্রী-এমপি বানাবেন তা শুরু হয়ে গেছে। আমরা তা হতে দেব না। তত্ত্বাবধায়ক সরকার মামাবাড়ির আবদার। এটা ভুলে যান। লাফালাফি করবেন না। আপনাদের আন্দোলনের পতন হয়েছে; নির্বাচনেও আপনাদের পরাজয় হবে। অস্ত্র পাচারকারী আপনাদের নেতা, এটা হতে দেয়া হবে না।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা, গ্লোরিয়া সরকার ঝর্না।





