ভারতে এক মাসে বিয়ে হবে প্রায় ৩২ লাখ
কিছুদিনের মধ্যে শুরু হতে যাওয়া বিয়ের মৌসুমে ভারতজুড়ে এক মাসে অন্তত ৩২ লাখ বিয়ে হতে পারে, যাতে ব্যবসা হবে আনুমানিক ৩ দশমিক ৭৫ লাখ কোটি রুপির।
উল্লেখ্য, আগামী বছরের ১৪ জানুয়ারি শুরু হয়ে জুলাই মাস পর্যন্ত চলবে ভারতে বিয়ের পরবর্তী মৌসুম।
ভারতীয় ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের (সিএআইটি) এক জরিপে বলছে, ভারতে আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিয়ের মৌসুম। চলবে ডিসেম্বরের ১৪ তারিখ পর্যন্ত।
আর এই এক মাসে প্রায় ৩২ লাখ বিয়ে হবে দেশটিতে। এর মধ্যে কেবল দিল্লিতেই হবে সাড়ে তিন লাখের বেশি, যাতে খরচ হবে প্রায় ৭৫ হাজার কোটি রুপি।
জরিপ বলছে, এবারের মৌসুমে তিন লাখ রুপি খরচ হতে পারে এমন বিয়ে হবে প্রায় পাঁচ লাখ, পাঁচ লাখ রুপি খরচের বিয়ে হবে ১০ লাখ ও ১০ লাখ রুপি খরচ হতে পারে এমন বিয়ে হবে অন্তত ১০ লাখ। একেকটিতে ২৫ লাখ রুপি খরচ হবে, এমন বিয়ের সংখ্যা দাঁড়াতে পারে পাঁচ লাখে, ৫০ হাজারের বেশি বিয়ে হবে যেখানে খরচ হবে ৫০ লাখ করে। আরও ৫০ হাজার বিয়েতে একেকটিতে খরচ এক কোটি রুপি বা তারও বেশি হতে পারে।
সব মিলিয়ে এবারের বিয়ের মৌসুমে ভারতে ৩ দশমিক ৭৫ লাখ কোটি রুপির ব্যবসা হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। গত বছর একই সময়ে দেশটিতে প্রায় ২৫ লাখ বিয়ে হয়েছিল, আর তাতে খরচ হয়েছিল অন্তত তিন লাখ কোটি রুপি।
ব্যবসায়ীরা জানান, বিয়ের মৌসুমে সাধারণত গহনা, শাড়ি, লেহেঙ্গা, আসবাবপত্র, তৈরি পোশাক, জামাকাপড়, জুতা, বিয়ে ও শুভেচ্ছার কার্ড, মিষ্টি, ফল, পূজার সামগ্রী, মুদিপণ্য, খাদ্যশস্য, সাজগোজের উপকরণ, বাড়ির সাজসজ্জার সামগ্রী, বৈদ্যুতিক জিনিসপত্র, নানা ধরনের উপহার সামগ্রী প্রভৃতির চাহিদা বেশি থাকে।





