বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি।
আজ বুধবার ভোরে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের দুলালী এলাকার লোহাকুচি সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার মহিষতুলি গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ওয়াসকুরুনী (৩০) ও একই এলাকার ঝাড়িরঝাড় গ্রামের সাদেক আলীর ছেলে আয়নাল হক (২৮)।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী লোহাকুচি সীমান্তের ৯২১/এস ৬ নম্বর পিলার এলাকায় গরু পারাপার করতে যান। এ সময় বিএসএফ ৭৫ ব্যাটালিয়নের কৈমারী বত্তর ক্যাম্পের সদস্যরা গুলি ছুঁড়লে ঘটনাস্থলে আয়নাল ও ওয়াসকুরুনী মারা যান। পরে তাঁদের সঙ্গীরা নিহত দুই যুবকের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।





