শ্রীলঙ্কা-পাকিস্তানের মতো হওয়ার শঙ্কা নেই বাংলাদেশের: আইএমএফ
গত ১৫ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নতি হয়েছে উল্লেখ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রাহুল আনন্দ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো হওয়ার শঙ্কা নেই।
আজ বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে বক্তব্যে একথা বলেন তিনি।
রাহুল আনন্দ বলেন, মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর বাংলাদেশের অর্থনীতি জোরালোভাবে পুনরুদ্ধার হয়েছে। তবে তা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কিছুটা ব্যাহত হয়েছে। এতে বাণিজ্য ঘাটতি বেড়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভও দ্রুত কমে যাচ্ছে। মুদ্রাস্ফীতি বেড়েছে, প্রবৃদ্ধি মন্থর হয়ে পড়েছে। যদিও এসব প্রতিকূলতা বাংলাদেশ ভালোভাবে মোকাবিলা করেছে। কিন্তু দীর্ঘস্থায়ী অবকাঠামো সংকট রয়েই গেছে।
আইএমএফের এ কর্মকর্তা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিও হুমকিতে। ২০৩১ সালের মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছাতে হলে বাংলাদেশকে অতীতের সাফল্যের ওপর ভিত্তি করে প্রবৃদ্ধির চাকা আরও গতিশীল করতে হবে। এজন্য কাঠামোগত সমস্যাগুলোর দিতে নজর দিতে হবে। সেইসঙ্গে বেসরকারি বিনিয়োগ আকর্ষণ, উৎপাদন সুসংহত করা এবং জলবায়ু সহিষ্ণুতা গড়ে তুলতে হবে।
আরও পড়ুনঃ সরকারি খরচে কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করল সরকার





