“বৈশ্বিক সংকটকে পুঁজি করে বিএনপি ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইউরোপ যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি যখন এক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, তখন বৈশ্বিক এই সংকটকে পুঁজি করে বিএনপি পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে। সারা দেশের বিবেকবান মানুষ যখন জামায়াত-বিএনপির অগ্নিসন্ত্রাসের নারকীয় ঘটনার বিচার দাবি করছে, তখন বিএনপি নেতারা নির্লজ্জভাবে অতীত অপকর্মের দায়ভার অস্বীকার করার হাস্যকর প্রচেষ্টা চালাচ্ছে।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপি নেতাদের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, অপপ্রচারমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ২০১৩ সালে শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার চলমান থাকা অবস্থায়, ২০১৪ সালের জাতীয় নির্বাচন প্রতিরোধ করতে এবং ২০১৫ সালে বেগম খালেদা জিয়া ঘোষিত তথাকথিত অবরোধ কর্মসূচির নামে জামায়াত-বিএনপির সশস্ত্র সন্ত্রাসীরা সারা দেশে পেট্রোল বোমা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নারকীয় হত্যাযজ্ঞ চালায়। স্কুলগামী শিশু থেকে শুরু করে পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কেউই এই সন্ত্রাসের ভয়াল ছোবল থেকে রক্ষা পায়নি। এ সময় সারা দেশে বিএনপি-জামায়াত পরিচালিত এই সন্ত্রাসী কর্মকাণ্ডে দেড় শতাধিক মানুষ নিহত হয়। দেশী ও আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপি-জামায়াতের নজিরবিহীন এই সন্ত্রাসের সংবাদ প্রকাশ ও প্রচারিত হয়। বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ শীর্ষ নেতারা টেলিফোনযোগে তাদের নেতাকর্মীদের নির্বিচারে মানুষ হত্যার নির্দেশনা দিচ্ছে-এমন টেলিফোন আলাপও গণমাধ্যমে প্রচারিত হয়েছিল।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জামায়াত-বিএনপি শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী রাজনৈতিক শক্তি। অগ্নিসন্ত্রাসের কারণেই কানাডার ফেডারেল আদালত দুটি আলাদা মামলায় বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে রায় দিয়েছে। আজ বিএনপি নেতারা তাদের অতীত অপকর্মের কথা ভুলে গেলেও বাংলাদেশের জনগণ তা ভুলে যায়নি।
তিনি বলেন, নির্বাচন ছাড়া সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের কোনো সুযোগ আর বাংলাদেশে নেই। সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় আসতে হবে।
আরও পড়ুনঃ পুলিশে দায়িত্ব অবহেলাকারীদের চিহ্নিত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী






"যুদ্ধে জয় করেছি, খেলায়ও জয়ী হবো" - tathyasangjog
November 8, 2022[…] […]