টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় পুলিশ ও আসামিসহ নিহত ৩
টাঙ্গাইলের মধুপুরে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ ও আসামিসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে মধুপুর থানার উপ-পরিদর্শক মোর্শেদ আলম আজ জানান, জামালপুর সদর থানার নারায়ণপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আজিজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ লালন নামের এক আসামির ডিএনএ পরীক্ষা করার জন্য ঢাকায় যান। সেখান থেকে ফেরার পথে গোলাবাড়ীতে পৌঁছালে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে ঢুকে যায়।
এতে ঘটনাস্থলেই নয়নপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল নুরুল ইসলাম ও সোহেল রানার মৃত্যু হয়। মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মারা যান ডিএনএ পরীক্ষার জন্য নিয়ে যাওয়া আসামি লালন মিয়া।
আরও পড়ুনঃ ক্ষতিগ্রস্তদের পাশে আছে শেখ হাসিনা সরকার: ওবায়দুল কাদের





