সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করুন : স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপির প্রতি সমাবেশে লাঠিসোঁটা বহন না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আপনারা আইন মেনে সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করুন।
আজ শনিবার সচিবালয়ে জননিরাপত্তা বিভাগ আয়োজিত মিনি ম্যারাথন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী তিনি এ মন্তব্য করেন।
ঢাকা শহরে বিভিন্ন জায়গায় লাঠিসোঁটা নিয়ে সমাবেশে অংশগ্রহণ আইনসিদ্ধ নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাবেশে লাঠি নিয়ে আসতে বিএনপি নেতাকর্মীদের ঘোষণা দেওয়া হয়েছিল। এটা কিসের ইঙ্গিত বহন করেছিল, আমরা সেটা জানতাম না, জানিও না। আমরা দেখেছি, বিএনপি কর্মীরা রাজধানীর বিভিন্ন সমাবেশে আসার সময় পেছনে লাঠি এবং সামনে লাঠির ওপরে তাদের দলীয় পতাকা উড়িয়ে এসেছে। এগুলো কী মিন করে আপনারা নিজেরাও বোঝেন, নিজেরাও জানেন।
তিনি বলেন, আপনারা নির্বিঘ্নে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস পালন করুন। সেখানে আমাদের কিছু ভাবার নেই। কিন্তু লাঠিসোঁটা ক্যারি করা, এটা আইনসিদ্ধ নয়।
তারা যাতে কোনো ভাঙচুর অথবা কোনো বিশৃঙ্খলায় লিপ্ত না হয়। আইনশৃঙ্খলা বাহিনী তাদের পাশে থাকবেন, খেয়াল রাখবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাতে সমাবেশস্থলে কর্মীরা কেন বসে থাকবে, সেটাও আমাদের জিজ্ঞাসা। সবাই যেন আইন মেনে চলে, সুশৃঙ্খলভাবে যার যার কর্মকাণ্ড পালন করে এটাই আমি আশা রাখি। কিন্তু তারা যদি রাস্তা অবরোধ করেন কিংবা ভাঙচুর করেন, জনজীবনে দুঃসহ অবস্থা তৈরি করেন, তাহলে আমাদের করার কিছু আছে।
আরও পড়ুন: “জনগণের কষ্ট পুঁজি করে বিএনপি রাজনীতির অপচেষ্টা করছে”





