যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশসহ নিহত ৫
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় বন্দুকধারীর গুলিতে এক অফ-ডিউটি পুলিশ কর্মকর্তাসহ পাঁচ জন নিহত হয়েছে। এ ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের রাজধানী রালিতে এ ঘটনা ঘটে। ওই সন্দেহভাজনকে আটক করা হয় বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে রালির মেয়র ম্যারি অ্যান বল্ডউইন জানান, গুলিতে আরও এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত আরও দুজন জখম হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের অবশ্যই আরও কিছু করতে হবে। আমেরিকায় এই বিবেকহীন সহিংসতার অবসান ঘটাতে হবে আমাদের। আমাদের অবশ্যই বন্দুক সহিংসতার মোকাবেলা করতে হবে।
স্থানীয় সময় বিকাল ৫টার পরপরই শহরের একটি অংশের ভেতর দিয়ে যাওয়া পাঁয়ে হাঁটা পথ নেউজ রিভার গ্রিনওয়েতে বা এর কাছে গুলিবর্ষণের ঘটনাটি শুরু হয়। প্রায় তিন ঘণ্টা পর পুলিশ এক বাড়ির ভেতরে থাকা এক সন্দেহভাজনকে ঘিরে ফেলে, কিন্তু তখনও তাকে গ্রেপ্তার করতে পারেনি বলে বল্ডউইন জানিয়েছিলেন। পরে রালির পুলিশ টুইটারে জানায়, ওই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে তারা।
সন্দেহভাজন একজন শ্বেতাঙ্গ কিশোর এবং তার কাছে বড় একটি বন্দুক ছিল বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুনঃ ইউক্রেনের অখন্ডতা রক্ষায় জাতিসংঘ প্রস্তাবের পক্ষে বাংলাদেশের ভোট





