২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৫৩৫ জনের।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ৭২৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৩৫। আগের দিন এ হার ছিল ১৫ দশমিক ২৮।
আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু
এখন পর্যন্ত দেশে ২০ লাখ ২৬ হাজার ২১২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৬ হাজার ১০৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৩৬৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় যাঁর মৃত্যু হয়েছে তিনি রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন।
কিছু দিন ধরে বৈশ্বিকভাবে করোনার সংক্রমণ কমছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে বিশ্বের সব দেশে বা অঞ্চলে তা কমেনি। কোনো কোনো দেশ বা অঞ্চলে সংক্রমণ বেড়েছে।





