বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ প্রণোদনা
ঢাকা: দেশে নতুন বিদেশি বিনিয়োগ আনতে সহায়তাকারী বাংলাদেশি নাগরিক ও দেশীয় প্রতিষ্ঠানকে ১.২৫ শতাংশ হারে নগদ প্রণোদনা দেওয়ার আনুষ্ঠানিক নীতিমালা জারি করেছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২৫ নভেম্বর ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ শিরোনামে গেজেট প্রকাশ করা হয়েছে।
‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর ২২ ধারার ক্ষমতাবলে এসআরও নম্বর ৪২২-আইন/২০২৬ জারি করা হয়। গেজেট প্রকাশের দিন থেকেই এই নীতিমালা কার্যকর হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ন্যূনতম ১০ লাখ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রার নতুন ইকুইটি বিদেশি বিনিয়োগ দেশে আনতে ভূমিকা রাখলে চূড়ান্ত বিনিয়োগের ১.২৫ শতাংশ নগদ অর্থ পাবে। এতে প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমেও সরাসরি বৈদেশিক মূলধন প্রবাহ বাড়বে বলে আশা করছে সরকার।
বিনিয়োগ ব্যবস্থাপনা আরও জোরদার করতে সম্প্রতি বিডা, বেজা ও পিপিপিএ একীভূত করে ‘ইনভেস্ট বাংলাদেশ’ গঠন করা হয়। সংস্থাটির চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “বিনিয়োগনির্ভর অর্থনীতি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় সক্ষমতা বাড়াতে এই পরিকল্পনা ভূমিকা রাখবে। অবকাঠামো উন্নয়ন, দ্রুত সেবা এবং বিনিয়োগের পরিবেশ সহজ করার ওপর আমরা কাজ করছি।”
কারা এবং কোন শর্তে পাবেন বিদেশি বিনিয়োগ প্রণোদনা
গেজেট অনুযায়ী, দেশের সব বাংলাদেশি নাগরিক, প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশি নাগরিকদের শতভাগ মালিকানাধীন নিবন্ধিত অংশীদারি ও লিমিটেড কোম্পানি এই প্রণোদনার জন্য আবেদন করতে পারবে। তবে এই সুবিধা শুধু নতুন ইকুইটি বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বিদ্যমান কোনো বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান যদি তাদের বর্তমান ব্যবসার বাইরে সম্পূর্ণ নতুন কোনো খাতে অথবা ভিন্ন কোম্পানিতে অর্থ বিনিয়োগ করে, তবে সেটিও প্রণোদনার আওতায় পড়বে। তবে পুরোনো শেয়ারহোল্ডারদের অতিরিক্ত শেয়ার কেনা, মুনাফা পুনর্বিনিয়োগ বা চালু কারখানার উৎপাদন সক্ষমতা বাড়ানোর অর্থ এতে গণ্য হবে না।
স্বচ্ছতা বজায় রাখতে নীতিমালায় স্বার্থের সংঘাত এড়ানোর কঠোর শর্ত রাখা হয়েছে। আবেদনকারীর সঙ্গে বিদেশি বিনিয়োগকারী বা বিনিয়োগ গ্রহণকারী প্রতিষ্ঠানের আবেদনের আগে দুই বছর এবং আবেদনের পর দুই বছর কোনো আনুষ্ঠানিক সম্পর্ক থাকতে পারবে না।
সম্প্রতি বৈদেশিক মূলধন ও কর্মসংস্থান বাড়াতে সরকার বেশ কয়েকটি বড় পদক্ষেপ নিয়েছে। মাতারবাড়ীতে জ্বালানি হাব নির্মাণে বিদেশি গোষ্ঠীর আগ্রহের পাশাপাশি এসএমই খাতে নতুন কর্মসংস্থান তৈরির উদ্যোগ দেশীয় শিল্প ও অর্থনীতিতে সরাসরি মূলধন প্রবাহ বাড়াবে।
প্রণোদনা পেতে হলে বিনিয়োগ চূড়ান্ত হওয়ার আগেই ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের অনলাইন পোর্টালে প্রাক-নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর আবেদনকারী একটি স্বতন্ত্র ‘লিড রেজিস্ট্রেশন আইডি’ পাবেন।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নগদায়ন বা এনক্যাশমেন্টের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে একই পোর্টালে আনুষ্ঠানিক আবেদন জমা দিতে হবে। প্রাথমিক যোগ্যতা, নথিপত্র, বিনিয়োগকারীর সুপারিশ ও প্রকল্পের স্থায়িত্ব যাচাই করে মূল্যায়নে অন্তত ৭০ শতাংশ নম্বর পেলে আবেদনটি চূড়ান্তভাবে মনোনীত হবে।
অনুমোদিত নগদ প্রণোদনা দুই কিস্তিতে ৫০ শতাংশ করে ছাড় করা হবে। বিনিয়োগের অর্থ দেশে আসার প্রমাণ ও অনুমোদন নিশ্চিত হওয়ার পর প্রথম কিস্তি দেওয়া হবে। আর এক বছর পর কারখানা স্থাপন, যন্ত্রপাতি আমদানি বা বাণিজ্যিক উৎপাদন শুরুর অগ্রগতি এবং ইকুইটি ধরে রাখার বিষয়টি যাচাই শেষে দ্বিতীয় কিস্তি পরিশোধ করা হবে।
পুরো অর্থছাড় ও যাচাই প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) সমন্বিতভাবে নজরদারি করবে। এতে দেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি অর্থের স্বচ্ছতা নিশ্চিত হবে।





