দেশ সংযোগ রাজনীতি

গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে এখনো অনিশ্চয়তা

গঙ্গা পানিবণ্টন চুক্তি

ত্রিশ বছর মেয়াদি ঐতিহাসিক গঙ্গা পানিবণ্টন চুক্তি শেষ হওয়ার মাত্র উনিশ দিন আগে ঢাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুই দিনব্যাপী এই বৈঠক রোববার থেকে শুরু হয়ে সোমবার সমাপ্ত হচ্ছে।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত এই চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। তবে গুরুত্বপূর্ণ এই সন্ধিক্ষণেও নতুন চুক্তি বা মেয়াদ নবায়ন নিয়ে এখন পর্যন্ত ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আনুষ্ঠানিক কোনো রাজনৈতিক সংলাপের সময়সূচি চূড়ান্ত হয়নি।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্য ও যৌথ কমিটির চেয়ারম্যান মো. আনোয়ার কাদির। অন্যদিকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দেশটির জলশক্তি মন্ত্রণালয়ের বন্যা ব্যবস্থাপনা কমিশনার ও জেআরসি সদস্য শরদ চন্দ্র।

গঙ্গা পানিবণ্টন চুক্তি ও ৯১তম সভার সীমাবদ্ধতা

পানিসম্পদ মন্ত্রণালয় ও জেআরসির কর্মকর্তারা জানিয়েছেন, গঙ্গা পানিবণ্টন চুক্তি বাস্তবায়নের কারিগরি দিক পর্যালোচনা করাই যৌথ কমিটির ৯১তম সভার মূল কাজ। শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে পানির প্রবাহ পরিমাপ, তথ্য বিনিময় এবং ২০২৬ সালের বার্ষিক বাস্তবায়ন প্রতিবেদন চূড়ান্ত করতেই দুই দেশের কারিগরি দল বৈঠকে বসেছে।

যৌথ কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে বিদ্যমান চুক্তি নবায়ন, মেয়াদ বৃদ্ধি বা নতুন কোনো চুক্তি প্রণয়নের এখতিয়ার এই কারিগরি কমিটির নেই। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে দুই দেশের উচ্চপর্যায়ের রাজনৈতিক ও কূটনৈতিক সংলাপ প্রয়োজন।

১৯৯৬ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, প্রতি বছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত শুষ্ক মৌসুমে দশ দিন অন্তর গঙ্গার পানিবণ্টন পর্যবেক্ষণ করা হয়। ৯১তম সভায় গত শুষ্ক মৌসুমের প্রবাহের পরিসংখ্যান ও যৌথ পর্যবেক্ষণ দলের তথ্যাদি যাচাইবাছাই করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে নয়াদিল্লিতে বাংলাদেশ প্রথম নীতি পুনর্ব্যক্ত করা হলেও পানিসম্পদের মতো স্পর্শকাতর ইস্যুতে আনুষ্ঠানিক অগ্রগতি এখনো দৃশ্যমান নয়। ফলে মেয়াদ শেষের আগে চুক্তির ভবিষ্যৎ নিয়ে নদীপারের কোটি মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ ফেরানোর দাবি ঢাকার

পানিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা ১৯৯৬ সালের পুরোনো চুক্তি হুবহু নবায়নের বদলে নতুন ও শক্তিশালী কাঠামোর একটি চুক্তি করতে আগ্রহী। শুষ্ক মৌসুমে বাংলাদেশের ন্যায্য পানির প্রবাহ সুরক্ষিত রাখতে ১৯৭৭ সালের চুক্তির মতো ন্যূনতম পানির নিশ্চয়তা বা গ্যারান্টি ক্লজ পুনর্বহালের ওপর জোর দিচ্ছে বাংলাদেশ।

এর আগে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক আলোচনার প্রক্রিয়া শুরু করতে ভারতের কাছে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ করেছে। তবে নয়াদিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক ও মন্ত্রী পর্যায়ের বৈঠকের কোনো সুনির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।

পানিসম্পদ বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন ও উজানের পানি প্রত্যাহারের কারণে ফারাক্কা পয়েন্টে প্রবাহ কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। তাই নতুন চুক্তিতে অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় আধুনিক তথ্যপ্রযুক্তি ও যৌথ পর্যবেক্ষণ জোরদার করা জরুরি।

অন্যদিকে সাম্প্রতিক বিভিন্ন ঢাকা ও নয়াদিল্লির দ্বিপক্ষীয় আলোচনায় অন্যান্য বিষয় স্থান পেলেও গঙ্গার পানিবণ্টন নিয়ে দৃশ্যমান সমঝোতা হয়নি। ১২ ডিসেম্বরের আগে রাজনৈতিক পর্যায়ে জরুরি সংলাপ শুরু না হলে শুষ্ক মৌসুমের শুরুতেই পানিবণ্টন ব্যবস্থা আইনি অনিশ্চয়তায় পড়তে পারে বলে মনে করছেন পানি বিশেষজ্ঞরা।

তাঁদের মতে, পদ্মা ও গঙ্গা অববাহিকার কৃষি, সেচ, নৌচলাচল ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় সময়োপযোগী ও ন্যায্য পানিবণ্টন কাঠামো অপরিহার্য। মেয়াদ শেষ হওয়ার আগের এই কয়েক দিনে ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক তৎপরতা কতটা ফলপ্রসূ হয়, এখন সেদিকেই নজর সবার।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য