ফ্যাশন ফিল্ম লন্ডন ফেস্টিভ্যালে জয়া আহসান
জয়া আহসান অভিনীত ফ্যাশন ফিল্ম ‘হিউজ অব লংগিং’ নির্বাচিত হয়েছে যুক্তরাজ্যের লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যালের ২০২৬ আসরে। ছবিটির গল্প ও পরিচালনা করেছেন রণদীপ ভট্টাচার্য ও যুধাজিৎ বাগচী। মুম্বাইভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ইয়ানুস ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে এটি।
ফরাসি কবি ও নাট্যকার জঁ ককতোর বিখ্যাত মনোড্রামা ‘দ্য হিউম্যান ভয়েস’ থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছে ফ্যাশন ফিল্মটি। ভালোবাসার অনুপস্থিতি, স্মৃতি ও অপেক্ষার অনুভূতিকে কেন্দ্র করে নির্মিত ৩ মিনিট ২৫ সেকেন্ডের এই কাজটিতে ফ্যাশন, সিনেমা ও গল্প বলার নান্দনিকতাকে একসঙ্গে তুলে ধরা হয়েছে।
গত বছর এর শুটিং হয় বলে জানিয়েছেন জয়া আহসান। পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে হুগলি নদীর তীরের একটি পুরনো বাড়িতে পুরো ছবিটির দৃশ্যধারণ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর লন্ডনের লেস্টার স্কয়ারের ‘ভিউ ওয়েস্ট এন্ড’ সিনেমা কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যাল। ফ্যাশন ও চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ এই উৎসবটি এক যুগ ধরে আয়োজিত হয়ে আসছে।





