পুলিশকে দলীয় প্রভাবমুক্ত রাখার আহ্বান
পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত, জনবান্ধব এবং প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনী কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর স্বার্থে নয়; বরং সংবিধান ও আইনের আলোকে জনগণের সেবায় নিয়োজিত থাকবে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করারও আহ্বান জানান তিনি।
রোববার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ছয় মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীন কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধুনিক অপরাধের ধরন প্রতিনিয়ত বদলে যাচ্ছে। বিশেষ করে সাইবার অপরাধ ও ডিজিটাল নিরাপত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিকল্প নেই। জনগণের সঙ্গে আন্তরিক আচরণ করে তাদের আস্থা অর্জন এবং সেবামুখী মনোভাব নিয়ে দায়িত্ব পালনেরও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, অতীতের সরকারের সময়ে পুলিশ বাহিনী নানা কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এমন একটি বাহিনী গড়ে তুলতে হবে, যেখানে কোনো নাগরিক সেবা নিতে এসে হয়রানির শিকার হবেন না। জনগণের প্রতি জবাবদিহিতা ও পেশাদারিত্বই হতে হবে পুলিশের প্রধান পরিচয়।
সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি শুরু হওয়া প্রশিক্ষণ সফলভাবে শেষ করেন ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার। ছয় মাসের প্রশিক্ষণ শেষে তারা এখন মাঠপর্যায়ের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত।
অনুষ্ঠানে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণের পর স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এবারের প্রশিক্ষণে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া ‘বেস্ট প্রবেশনার’ এবং ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’—এই দুই বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। ‘বেস্ট একাডেমিক’ পুরস্কার পান শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম। আর ‘বেস্ট শ্যুটার’ নির্বাচিত হন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এ বি এম মামুন।
সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্বও পালন করেন ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল অ্যাডিশনাল আইজিপি জিএম আজিজুর রহমান।





