রাখাইন সীমান্তে বোমা-গোলাগুলির বিকট শব্দ: টেকনাফে কাঁপছে বাড়িঘর, জেলে গুলিবিদ্ধ
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে শক্তিশালী বোমা বিস্ফোরণ ও গোলাগুলির বিকট শব্দ ভেসে আসছে। এতে এপারের বাড়িঘর কেঁপে উঠছে এবং সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত থেকে শুরু হয়ে শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে এখনো থেমে থেমে এই বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যাচ্ছে। হোয়াইক্যং সীমান্তের বাসিন্দা মো. সলিমুল্লাহ বলেন, “রাতে কয়েক দফা গুলির শব্দ শুনে ভয়ে ঘুমাতে পারিনি। খুব কাছ থেকে এসব শব্দ ভেসে আসছে।”
জেলে আহমেদ উল্লাহ জানান, এই ধরনের শব্দ প্রায়ই শোনা যায়। নাফ নদী ও চিংড়ি ঘেরে মাছ ধরতে যেতে এখন ভয় লাগে। রাতে বাড়িতে থাকলেও সারাক্ষণ মনে আতঙ্ক কাজ করে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নাফ নদীর হোয়াইক্যং এলাকায় মাছ ধরার সময় জেলে মো. আলমগীর গুলিবিদ্ধ হয়েছেন। এর আগেও একাধিকবার বিস্ফোরণ ও গুলির শব্দে সীমান্তবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, “সকাল ১০টা থেকে রাখাইন সীমান্তে থেমে থেমে শক্তিশালী বোমা বিস্ফোরণ ও গুলির শব্দ হচ্ছে। বেলা ১১টার দিকে ৩-৪টি বোমার বিকট শব্দে এপারের বাড়িঘর কেঁপে উঠেছে। এখনো শব্দ চলছে।”
তিনি আরও বলেন, এর আগেও রাখাইন থেকে গুলি এপারে এসে পড়েছে, যাতে স্থানীয়রা আহত হয়েছেন। বর্তমানে সীমান্তবাসীরা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন।
সীমান্তের এই পরিস্থিতিতে নাফ নদীতে মাছ ধরা ও দৈনন্দিন কাজকর্মে ব্যাপক বিঘ্ন ঘটছে। স্থানীয়রা নিরাপত্তা বাহিনীর আরও কঠোর তৎপরতা ও পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।





