জাতীয় ফিচার

দীর্ঘ ১৯ বছর পর দলীয় কার্যালয়ে তারেক রহমান: নতুন করে দেশ গড়ার আহ্বান

দীর্ঘ ১৯ বছরের নির্বাসন শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পা রেখেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। উজ্জীবিত নেতাকর্মীদের নতুন করে দেশ গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টা ৬ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান তারেক রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৯ বছর পর তিনি চিরচেনা দলীয় কার্যালয়ে বসলেন। সর্বশেষ ২০০৬ সালে তিনি এই কার্যালয়ে গিয়েছিলেন।

কার্যালয়ে পৌঁছালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতা এবং কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আজ এখানে কোনো অনুষ্ঠান নেই। রাস্তা বন্ধ রাখলে সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হবে। তাই আমরা চেষ্টা করবো রাস্তাটি যত দ্রুত সম্ভব খুলে দেওয়ার জন্য, যেন সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন।’

তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ, আপনাদের সঙ্গে যখন কর্মসূচি দেবো, আমি বক্তব্য রাখবো। সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ আমিও দোয়া করি যে সবাই সুস্থ ও ভালো থাকুন। আমাদের যার যতটুকু অবস্থান আছে, সেখান থেকে আসুন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি।’

তারেক রহমানের এই সফরে কার্যালয় প্রাঙ্গণে হাজার হাজার নেতাকর্মীর ভিড় লক্ষ্য করা যায়। তাঁর প্রত্যাবর্তনের পর দলের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা এটিকে আসন্ন নির্বাচনে বিএনপির শক্তিবৃদ্ধির প্রতীক হিসেবে দেখছেন।

গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে তারেক রহমান পূর্বাচলে গণসংবর্ধনায় অংশ নেন, মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন এবং শুক্রবার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। কার্যালয় সফর দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগের সূচনা করেছে। বিএনপির নেতারা জানান, তাঁর নেতৃত্বে দল নির্বাচনী প্রস্তুতি জোরদার করবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র