খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল; সংকটময় মুহূর্ত পার করছেন: ডা. জাহিদ হোসেন
### খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল: সংকটময় মুহূর্ত পার করছেন—চিকিৎসক জাহিদ হোসেন
ঢাকা: এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানতে চাইলে ডা. জাহিদ হোসেন বলেন, ‘স্বাভাবিকভাবেই উনার (খালেদা জিয়া) অবস্থার উন্নতি হয়েছে, এ কথা বলা যাবে না। উনার অবস্থা অত্যন্ত জটিল, এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন।’
৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। সাম্প্রতিক সময়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দেশব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর প্রথমে হাসপাতালে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। তাঁর সুস্থতা কামনায় দলের পক্ষ থেকে নিয়মিত দোয়ার আয়োজন করা হচ্ছে।
চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রাখতে মেডিকেল বোর্ড সার্বক্ষণিক নজরদারি করছে। তবে বয়সজনিত জটিলতা ও দীর্ঘমেয়াদি রোগের কারণে তাঁর স্বাস্থ্য পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। বিএনপির পক্ষ থেকে তাঁর সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হয়েছে।





