জাতীয় ফিচার

শুধু ডিগ্রি যথেষ্ট নয়, প্রয়োজন সক্ষমতা, শৃঙ্খলা ও বিশ্বাসযোগ্যতা: আসিফ নজরুল

বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে শুধু ডিগ্রি যথেষ্ট নয়, প্রয়োজন সক্ষমতা, শৃঙ্খলা ও বিশ্বাসযোগ্যতা—এই বার্তা দিয়ে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) সপ্তম সমাবর্তনে সভাপতির বক্তব্য দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এবারের সমাবর্তন শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে উৎসর্গ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) পূর্বাচল নতুন শহরে অবস্থিত এসইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সমাবর্তনে আসিফ নজরুল বলেন, ‘দক্ষতাকে লক্ষ্য নয়, অভ্যাসে পরিণত করতে হবে; সততাকে নীতি নয়, পরিচয় বানাতে হবে এবং দেশপ্রেমকে আবেগ নয়, আচরণে রূপ দিতে হবে।’

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে ব্যক্তি পর্যায়ে অনেক অর্জন থাকলেও টেকসই প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে আমরা পিছিয়ে রয়েছি। পুলিশ, বিচার ও প্রশাসনের মতো প্রতিষ্ঠানগুলো এক সময় অগ্রসরমান ছিল, কিন্তু গত দেড় দশকে তাদের ভিত দুর্বল করা হয়েছে। ফলে কার্যকরভাবে পরিচালনা কঠিন হয়ে পড়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ইউরোপের অগ্রযাত্রা প্রমাণ করে, শক্তিশালী প্রতিষ্ঠানই দেশ গঠনের মূল চালিকাশক্তি। কিন্তু আমাদের দেশে ব্যক্তি ও পরিবার প্রাধান্য পেয়েছে, প্রতিষ্ঠান নয়। ফলে অর্জন টেকসই হয়নি।

বক্তব্যের শুরুতে শহীদ ওসমান হাদির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘আমি কখনো এত বড় জানাজা দেখিনি। মানুষের যে আহাজারি ও দোয়া প্রত্যক্ষ করেছি, তাতে দৃঢ় বিশ্বাস—আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করবেন। হাদি নিজের কথা ভাবতেন না, ভাবতেন ইনসাফ প্রতিষ্ঠার কথা। তাঁর সৎ জীবনযাপন ও কর্মীদের প্রতি ভালোবাসা অনেক নেতার জন্য অনুকরণীয়।’

সমাবর্তন বক্তা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, আজকের গ্র্যাজুয়েটরা মেধাবী ও সাহসী। জ্ঞানার্জন এখন বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। প্রযুক্তির বিকাশে শিক্ষার পরিসর বিস্তৃত হচ্ছে, নিত্য নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এ চ্যালেঞ্জকে সম্ভাবনায় রূপান্তর করতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের মানবতার শিক্ষায় শিক্ষিত হয়ে অবদান রাখতে হবে।

স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট ডা. এ এম শামীম, ভাইস-প্রেসিডেন্ট ডা. মো. মাহবুবুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ডা. নওজিয়া ইয়াসমীনসহ বিভিন্ন অনুষদের ডিনরা বক্তব্য দেন।

এবারের সমাবর্তনে ১০টি বিভাগের ৬৭২ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। তিনজনকে চ্যান্সেলর’স গোল্ড মেডেল, চারজনকে ভাইস-চ্যান্সেলর সিলভার মেডেল এবং ২০ জনকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়।

২০০২ সালে প্রতিষ্ঠিত এসইউবি দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়। এর আগে ছয়টি সমাবর্তনে ১৫ হাজারের বেশি গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন। সর্বশেষ সমাবর্তন হয়েছিল ২০২২ সালে। এবারের অনুষ্ঠানে ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। গাউন-হ্যাট পরিহিত গ্র্যাজুয়েটদের আনন্দ-স্মৃতিচারণে প্রাণবন্ত হয় পুরো প্রাঙ্গণ। শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই, সিন্ডিকেট-একাডেমিক কাউন্সিল সদস্য, সামরিক-বেসামরিক কর্মকর্তা ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র