ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে বিএনপির গভীর শোক
গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় বলা হয়, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীর শোকাহত।’ বিএনপির পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
এর আগে রাতেই ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইনকিলাব মঞ্চের অফিসিয়াল পেজে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। পোস্টে তাঁকে ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী’ আখ্যা দিয়ে বলা হয়, ‘আল্লাহ তাঁকে শহীদ হিসেবে কবুল করেছেন।’
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা হিসেবে পরিচিত শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে নির্বাচনী গণসংযোগ করছিলেন। ব্যাটারি চালিত রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তাঁর মাথায় লেগে মারাত্মক আঘাত করে। গুরুতর অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি অস্ত্রোপচার করা হয়। পরে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
হাদির মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শোক প্রকাশ করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী পুনরায় আশ্বাস দিয়েছেন যে, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এ হত্যাকে ‘পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছেন। তাঁর মরদেহ শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে এবং রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের দাবি উঠেছে। জাতি আজ একজন সাহসী যুবনেতাকে হারিয়ে শোকে মুহ্যমান।





