নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, কিছু রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে যাতে নির্ধারিত সময়ে নির্বাচন না হয়। তিনি বলেন, দেশের রাজনীতি, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলতে দ্রুত নির্বাচন প্রয়োজন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে ‘শহীদ জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দেশের রাজনীতি, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠনের জন্য নির্বাচনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশে অতি দ্রুত একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রয়োজন।
অন্তর্বর্তী সরকারের কিছু সংস্কার কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, বিএনপি সবসময় সংস্কারের পক্ষে ছিল এবং এই প্রক্রিয়ার মূল বাহক তাদের দল।
বিএনপিকে অপবাদ দেওয়ার চেষ্টাকারীদের উদ্দেশে তিনি বলেন, কেউ কেউ মিথ্যা প্রচার করছে যে বিএনপি সংস্কার চায় না। দেশের সকল ইতিবাচক পরিবর্তন বিএনপি ও জিয়াউর রহমানের নেতৃত্বে এসেছে।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান ১৯৭১ সালে শহীদ হলে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো, লিবিয়া বা আফগানিস্তানের মতো অবস্থা হতো।





