দেশের বাজারে স্বর্ণের দামে রেকর্ড
গত ১০ দফা মূল্য সমন্বয়ের মধ্যে ৮ বারই দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। এর মধ্যে সর্বশেষ টানা ৬ দফায় মোট ২০ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) টানা ষষ্ঠবারের মতো স্বর্ণের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৬১৮ টাকা বাড়িয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পেয়েছে। ফলে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এখন ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা, যা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা। এই দাম মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানের ভিত্তিতে মজুরির হারে ভিন্নতা থাকতে পারে।
এর আগে, গত ৮ অক্টোবর বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেদিন প্রতি ভরিতে ৬ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৯ হাজার ১০১ টাকা, যা তখন পর্যন্ত ছিল দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকা, যা ৯ অক্টোবর থেকে কার্যকর হয়।
চলতি বছরে এ নিয়ে মোট ৬৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৪৬ বার দাম বাড়ানো হয়েছে এবং মাত্র ১৮ বার কমানো হয়েছে। ২০২৪ সালে স্বর্ণের দাম ৬২ বার সমন্বয় করা হয়েছিল, যেখানে ৩৫ বার বাড়ানো এবং ২৭ বার কমানো হয়েছিল।
এদিকে, স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে। প্রতি ভরিতে ১ হাজার ২২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২০৫ টাকা, যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারিত হয়েছে ৩ হাজার ৮০২ টাকা।





