শাপলা প্রতীকে একক বা জোটে লড়বে এনসিপি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বাংলাদেশের স্বার্থে এনসিপি আসন্ন নির্বাচনে এককভাবে অংশ নিতে পারে অথবা কোনো জোটের মাধ্যমেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তবে আমরা শাপলা প্রতীকের অধীনে এনসিপি নামেই নির্বাচনে অংশগ্রহণ করব।’
সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টায় জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় সভা শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা আইন বিশেষজ্ঞ, সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করেছি। শাপলা প্রতীক বরাদ্দে কোনো আইনি বাধা নেই। আমরা আশা করি, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন নির্বাচন কমিশন কোনো প্রভাবে প্রভাবিত হয়ে স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নেবে না। আমরা প্রত্যাশা করি শাপলা প্রতীক পাব এবং তা নিয়েই নির্বাচনে অংশ নেব।’
সারজিস আরও বলেন, এনসিপি ঐক্যমত কমিশনে পিআর (প্রোপোর্শনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি সম্পর্কে স্পষ্ট অবস্থান জানিয়েছে। বর্তমান বাংলাদেশের বাস্তবতায় উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন সম্ভব বলে এনসিপি মনে করে।
জাতীয় নাগরিক পার্টির এই নেতা বলেন, ‘আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, আমাদের বিচার বিভাগ কিংবা অন্তর্বর্তীকালীন সরকার—সবাইকে গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ও নির্দেশদাতাদের বিচারের রায় ঘোষণা ও কার্যকর না করে নির্বাচন নিয়ে আলোচনা করা উচিত নয়।’
তিনি আরও বলেন, ‘তারা সমান্তরালভাবে দুটি বিষয়ে কাজ করছেন এবং ডিসেম্বরের মধ্যে এগুলো বাস্তবায়নের পরিকল্পনা করছেন। এটি মাথায় রেখে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হচ্ছে। আমরা আশা করি, তারা এই সমান্তরাল রূপরেখা একসঙ্গে বাস্তবায়ন করবে। যদি একটি বিষয়ে বিলম্ব হয়, তবে অন্যটিও স্বয়ংক্রিয়ভাবে পিছিয়ে যাবে। জুলাই সনদের কার্যক্রমে সন্তোষজনক অগ্রগতির পর আমরা বাংলাদেশে একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক নির্বাচন প্রত্যাশা করছি। এই নির্বাচনে এনসিপির অংশগ্রহণের জন্য সাংগঠনিক শক্তি বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সারজিস আলম বলেন, এনসিপি যত বেশি সাংগঠনিকভাবে শক্তিশালী হবে, আগামী নির্বাচনে জনগণের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে সংসদে তাদের অংশগ্রহণ তত বেশি বাড়বে।
তিনি আরও বলেন, ‘সংগঠনকে শক্তিশালী করতে আমরা জেলায় জেলায় সমন্বয় সভা করছি। আমরা আশা করি, দ্রুত সময়ের মধ্যে সাংগঠনিক শক্তি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব। আগামী সংসদ নির্বাচনে এনসিপি বাংলাদেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে অংশ নেবে। বর্তমানে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনকেন্দ্রিক আলোচনা চালিয়ে যাচ্ছি।’
জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমানের সভাপতিত্বে এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম এবং কেন্দ্রীয় জাতীয় যুবশক্তি যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল।





