গুমের মামলায় শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
গুমের দুটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং ১২টি সংশ্লিষ্ট বাহিনীর দপ্তরে পাঠিয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বুধবার (৮ অক্টোবর) বিকেলে দুটি মামলায় ২৮ আসামির বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা আইজিপি এবং ১২টি দপ্তরে প্রেরণ করা হয়েছে।
পরোয়ানা প্রাপক ১২টি দপ্তরের মধ্যে রয়েছে: সেনাপ্রধান, জেনারেল স্টাফ প্রধান, অ্যাডজুটেন্ট জেনারেল (সেনা সদর দপ্তর), ডিজিএফআই মহাপরিচালক, এনএসআই মহাপরিচালক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, সামরিক গোয়েন্দা পরিচালক, পারসোনেল সার্ভিস ডিরেক্টরেটের পরিচালক (বাংলাদেশ সেনাবাহিনী), আর্মি সিকিউরিটি ইউনিটের কমান্ডেন্ট, প্রভোস্ট মার্শাল এবং সিইও (আর্মি এমপি ইউনিট ফর ইনফরমেশন)।
এর আগে, বুধবার ট্রাইব্যুনাল-১ গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে টিএফআই সেলের মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। একই দিনে জেআইসি সংক্রান্ত গুমের আরেক মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
ওই দিন প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগ বিবেচনায় নিয়ে ট্রাইব্যুনাল এই পরোয়ানা জারি করে। একই দিন সকালে প্রসিকিউশন দুটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।
মামলায় ডিজিএফআইয়ের সাবেক পাঁচজন মহাপরিচালকসহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের আসামি করা হয়েছে। এদের মধ্যে অনেকেই বর্তমানে সক্রিয় পদে রয়েছেন। তবে, চিফ প্রসিকিউটর জানিয়েছেন, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইন অনুযায়ী আসামিরা কোনো পদে থাকতে পারবেন না।





