রাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থীর বিরুদ্ধে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে। তাকে শ্রেণিকক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গেছে, যা নির্বাচনের আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের আরবি বিভাগের ৩০৬ নম্বর কক্ষে নাফিউল ইসলাম জীবনকে প্রচারণা চালাতে দেখা যায়। রাকসু নির্বাচনের আচরণবিধির ধারা ৪/ঝ–তে স্পষ্টভাবে উল্লেখ আছে যে, একাডেমিক ভবনের অভ্যন্তরে মিছিল বা সমাবেশ করা এবং শ্রেণিকক্ষে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো নিষিদ্ধ।
এ বিষয়ে জানতে চাইলে নাফিউল ইসলাম জীবন বলেন, “আমি আরবি বিভাগের শিক্ষার্থী। আমি আমার বিভাগের জুনিয়রদের সঙ্গে বাইরে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু বাইরে বৃষ্টির কারণে ফার্স্ট ইয়ারের শ্রেণি প্রতিনিধি (সিআর) আমাকে কক্ষে যেতে বলেন। আমি মাত্র দুই মিনিটের জন্য রুমে গিয়ে কথা বলেছি। তখন কোনো ক্লাস চলছিল না।”
প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম বলেন, “এ বিষয়ে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। তবে শ্রেণিকক্ষে প্রচারণার কোনো প্রমাণ পাওয়া গেলে আমরা আচরণবিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেব।”
তিনি আরও জানান, নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে কমিশন কঠোরভাবে আচরণবিধি প্রয়োগ করবে।
এদিকে, রাকসু নির্বাচনে ভোট গণনা নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার জানান, ভোট গণনা ম্যানুয়াল পদ্ধতিতে নয়, বরং ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে করা হবে। এটি নির্বাচন প্রক্রিয়াকে আরও দ্রুত ও স্বচ্ছ করবে বলে আশা করা হচ্ছে।
নির্বাচন কমিশনের এই পদক্ষেপের মধ্যে দিয়ে রাকসু নির্বাচনের প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠেছে। শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনী উৎসাহ বাড়লেও আচরণবিধি লঙ্ঘনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।





