‘ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন কেউ থামাতে পারবে না’
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কোনো শক্তি এই নির্বাচনকে বিলম্বিত করতে পারবে না। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন নির্ধারিত সময়েই হবে।
শুক্রবার (১৫ আগস্ট) মাগুরায় জুমার নামাজের পর শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম জানান, নির্বাচনের জন্য গোটা জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। বর্ষার মৌসুম শেষ হলেই পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় নির্বাচনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে।
তিনি বলেন, “নির্বাচনের যে মহোৎসব, সেটা আপনারা দেখতে পাবেন।”
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে কাজ এগিয়ে চলছে। সংস্কার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এটি দ্রুত গতিতে দৃশ্যমানভাবে এগিয়ে যাচ্ছে।





