আর্জেন্টিনার বিপক্ষে ৫ বলে ম্যাচ জিতে ইতিহাস গড়লো কানাডা
অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে অবিশ্বাস্য এক কাণ্ড ঘটিয়েছে কানাডা যুব দল। আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৯ দলকে মাত্র ২৩ রানে গুটিয়ে দিয়ে, তারা রান তাড়া করেছে মাত্র ৫ বলে! ১১৫ বল বাকি থাকতেই জয়ের হাসি হেসেছে কানাডার তরুণরা।
রোববার, যুক্তরাষ্ট্রের জর্জিয়ার পরম বীর স্পোর্টস কমপ্লেক্সে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে আর্জেন্টিনার যুবারা। কিন্তু তাদের ইনিংস শেষ হয় মাত্র ১৯.৪ ওভারে, স্কোরবোর্ডে মোটে ২৩ রান! কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি। সাতজন ব্যাটসম্যান ফিরেছেন শূন্য রানে, যা ক্রিকেটে ‘গোল্ডেন ডাক’ নামে কুখ্যাত। মজার ব্যাপার, ২৩ রানের মধ্যে ৭ রান এসেছে অতিরিক্ত থেকে! কানাডার বোলার জগমানদীপ পাল ছিলেন মূল ধ্বংসযজ্ঞের নায়ক—৫ ওভারে ৩ মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে তুলে নিয়েছেন ৬ উইকেট।
রান তাড়া করতে নেমে কানাডার অধিনায়ক যুবরাজ সামরা একাই ম্যাচের রঙ বদলে দেন। প্রথম চার বলে দুটি চার আর দুটি ছক্কা মেরে তিনি ম্যাচ শেষ করে ফেলেন। অন্য প্রান্তে ধর্ম প্যাটেল অপরাজিত থাকেন ১ রানে।
তবে এই ম্যাচটি যুব ওয়ানডে হিসেবে স্বীকৃত নয়। তাই আর্জেন্টিনার ২৩ রানের ইনিংস যুব ওয়ানডেতে সর্বনিম্ন স্কোরের রেকর্ড স্পর্শ করতে পারেনি। সেই রেকর্ড এখনো স্কটল্যান্ডের দখলে, যারা ২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ২২ রানে অলআউট হয়েছিল। সেই ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছিল ৩.৫ ওভারে, যা এখনো যুব ওয়ানডেতে দ্রুততম রান তাড়ার রেকর্ড। যদি কানাডা-আর্জেন্টিনা ম্যাচটি যুব ওয়ানডে মর্যাদা পেত, তাহলে এটি হতো দ্বিতীয় সর্বনিম্ন ইনিংস এবং দ্রুততম রান তাড়া।
এই জয়ে বাছাইপর্বে কানাডা অনূর্ধ্ব-১৯ দল এখন পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। দুটি ম্যাচে তাদের একটি জয়। শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯, দুই ম্যাচে দুই জয় নিয়ে। বারমুডা এক জয় ও এক হারে তৃতীয়, আর আর্জেন্টিনা দুই ম্যাচ হেরে তালিকার তলানিতে।





