‘ওয়ার ২’, হৃতিক-জুনিয়র এনটিআর-কিয়ারার ত্রিমুখী টুইস্ট, মুক্তি ১৪ আগস্ট
আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ার ২’। এই সিনেমার ঘোষণার পর থেকেই ভক্তরা মুখিয়ে রয়েছেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন, দক্ষিণী সিনেমার মেগাস্টার জুনিয়র এনটিআর এবং অভিনেত্রী কিয়ারা আদবাণীর অভিনয় দেখার জন্য।
প্রথমবারের মতো এই তিন তারকা একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন, যা সিনেমাপ্রেমীদের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। গত ২৫ জুলাই মুক্তি পেয়েছে ‘ওয়ার ২’-এর ট্রেলার, যা দর্শকদের মাঝে ঝড় তুলেছে।
ট্রেলারের শুরুতেই হৃতিক রোশনের কণ্ঠে শোনা যায়, “আমি প্রতিজ্ঞা করছি আমি আমার পরিবার, আমার নাম, আমার পরিচয় সবকিছু পাল্টে ফেলে একটা বেনামী ছায়ায় পরিণত হয়ে যাব।”
এরপরই জুনিয়র এনটিআর-এর দৃপ্ত কণ্ঠে শোনা যায়, “আমি শপথ নিচ্ছি, যেটা অন্য কেউ করতে পারবে না সেটা আমি করব। যে যুদ্ধ কেউ জিততে পারবে না, সেই যুদ্ধ আমি জিতে দেখাব।”
এই সংলাপগুলো স্পষ্ট করে দেয় যে, হৃতিক এবং জুনিয়র এনটিআর-এর চরিত্রের মধ্যে একটি তীব্র সংঘর্ষ দেখা যাবে।
ট্রেলারে টাইগার শ্রফের উপস্থিতিও লক্ষণীয়, যা ইঙ্গিত দেয় যে ‘ওয়ার’ সিরিজের প্রথম পর্বের কিছু গুরুত্বপূর্ণ অংশ এই সিনেমায় ফিরে আসবে।
এছাড়া, আশুতোষ রানার শক্তিশালী উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কিয়ারা আদবাণী। একদিকে তিনি বিকিনিতে মুগ্ধ করেছেন তাঁর সৌন্দর্য দিয়ে, অন্যদিকে বন্দুক হাতে শত্রুদের বিরুদ্ধে দৃঢ়চিত্তে লড়াই করতে দেখা গেছে তাকে।
হৃতিক ও কিয়ারার মধ্যে রোমান্টিক মুহূর্তও ট্রেলারে উঁকি দিয়েছে, যা গল্পে নতুন মাত্রা যোগ করেছে।





