অর্থ-বাণিজ্য ফিচার

মৌসুমেও ইলিশের দাম চড়া, বড় মাছের সরবরাহ কম

ইলিশ মৌসুম শুরু হলেও বাজারে দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। বিশেষ করে বড় আকারের ইলিশের সরবরাহ কম থাকায় ছোট আকারের ইলিশই বাজারে বেশি দেখা যাচ্ছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এবং বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা গেছে, পাইকারি বাজারে ১ কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২২০০ টাকায়। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১৬৫০ থেকে ২০০০ টাকার মধ্যে ওঠানামা করছে। এছাড়া, নদীর জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১১০০ টাকা কেজি দরে। খুচরা বাজারে ১ কেজি ওজনের ইলিশের দাম ২০০০ থেকে ২২০০ টাকা, আর ৭০০-৯০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৮০০ টাকায়।

বিক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ইলিশের দাম কিছুটা কমেছে। তবে মৌসুমের শুরু হওয়ায় নদী-সাগর থেকে মাছের সরবরাহ এখনো পুরোপুরি বাড়েনি। বাজারে আসা ইলিশের মধ্যে বেশিরভাগই ৫০০ থেকে ৮০০ গ্রাম ওজনের। বড় আকারের ইলিশের সরবরাহ খুবই কম।

বিক্রেতারা আশা করছেন, আগস্ট-সেপ্টেম্বরে মৌসুম পুরোদমে শুরু হলে মাছের সরবরাহ বাড়বে এবং দাম আরও কমতে পারে।

রাজধানীর পেয়ারাবাগ বাজারে গিয়েও একই চিত্র দেখা গেছে। এখানে বড় ইলিশ প্রায় নেই বললেই চলে। ৮০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২২০০ টাকায়, আর জাটকা ইলিশের দাম ১০০০ থেকে ১২০০ টাকা।

বাজারের বিক্রেতা মোক্তার হোসেন জানান, “বাজারে মাছের সরবরাহ এখনো কম। আগস্ট-সেপ্টেম্বরে মৌসুমের পিক টাইমে দাম আরও কমবে বলে আশা করছি।”

ক্রেতাদের অসন্তোষ, মধ্যস্বত্বভোগীরা দায়ী?

বাজারে ইলিশ কিনতে আসা ক্রেতারা দাম নিয়ে হতাশা প্রকাশ করছেন। অনেকের জন্য ২০০০ টাকার বেশি দিয়ে বড় ইলিশ কেনা সম্ভব হচ্ছে না। ৮০০ গ্রাম ওজনের ইলিশ কিনতেও খরচ হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা।

কারওয়ান বাজারে মাছ কিনতে আসা পুলিশ সদস্য আব্দুল হাকিম বলেন, “কয়েকটি দোকানে দাম জিজ্ঞেস করেছি, কিন্তু ইলিশের দামে মাছ কেনা সম্ভব হচ্ছে না। তাই পাঙাশ আর তেলাপিয়া কিনে নিয়েছি।

বেসরকারি চাকরিজীবী রবিউল হাসান জানান, “১০০০-১২০০ টাকার নিচে ইলিশ কেনা সম্ভব হচ্ছে না। বৈরী আবহাওয়ার কারণে অনেক জেলে সাগরে যেতে পারছেন না, এটা ঠিক। কিন্তু মধ্যস্বত্বভোগী ও দালালদের কারণে দাম অনেক বেশি। বাজার নিয়ন্ত্রণ না করা গেলে মধ্যবিত্তরা জাটকা ইলিশও কিনতে পারবে না।”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার