১ জুন থেকে বাজারে আসছে ১০০০, ৫০ ও ২০ টাকার নোট
বাংলাদেশ ব্যাংক আগামী রোববার (১ জুন) থেকে নতুন নকশা ও সিরিজের ১০০০, ৫০ এবং ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে ছাড়ছে। গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরসহ এই নোটগুলো প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে অন্যান্য শাখা থেকে ইস্যু করা হবে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমের আলোকে নতুন ডিজাইনের সব মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) ব্যাংক নোট মুদ্রণের কার্যক্রম শুরু হয়েছে।
এর মধ্যে প্রথম ধাপে ১০০০, ৫০ এবং ২০ টাকার নোট ১ জুন থেকে প্রচলন শুরু হবে। এই নোটগুলোতে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক সৌন্দর্য প্রতিফলিত হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোটগুলোতে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে, যা জালিয়াতি প্রতিরোধে সহায়ক হবে। প্রাথমিকভাবে মতিঝিল অফিস থেকে ইস্যু শুরু হলেও পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশ ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে এই নোট পাওয়া যাবে।





