কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছেন। নিহতের নাম সাকিব (১৭)
আজ সোমবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাকিব উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামের মোতালেব হোসেনের ছেলে।
রোববার গভীর রাতে ওই সীমান্তে গুলির ঘটনা ঘটে। এতে সুজন বর্মণ (৩৫) নামে এক ভারতীয় নাগরিকও গুলিবিদ্ধ হয়ে আহত হন।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার রাত পৌনে ১২টার দিকে মাদলা সীমান্তে বিএসএফের গুলিতে সাকিব নামে বাংলাদেশি এক তরুণ ও ভারতীয় এক নাগরিক গুলিবিদ্ধ হন। আহত সাকিবকে কুমিল্লা ও ভারতীয় নাগরিককে ঢাকায় পাঠান স্থানীয়রা। এরমধ্যে সাকিব চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছেন। চিকিৎসাধীন ভারতীয় নাগরিকের বিস্তারিত জানার চেষ্টা চলছে।





