“দেশে জন্মগ্রহণকারী প্রত্যেকে এদেশের নাগরিক”
হিন্দু সম্প্রদায়ের মানুষ আপনারা নিজেদেরকে কখনো ছোটো মনে করবেন না, বহিরাগত মনে করবেন না উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারাই এদেশে জন্মগ্রহণ করেছেন তারা প্রত্যেকে এদেশের নাগরিক।
আজ বুধবার বিএনপি মহাসচিব ঠাকুরগাঁও কালিবাড়ি মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী শনিদেবের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব হিন্দুদের উদ্দেশ্যে বলেন, আপনাদের যে কোনো রাজনীতি করার বা না করার অধিকার আছে, স্বাধীন মত প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা আছে, ভালো মন্দ বিবেচনা করার অধিকার রয়েছে। এগুলো কারও দয়া নয়, এগুলো আপনার অধিকার, আপনাদের এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত আছি।
মির্জা ফখরুল বিশ্বকবি রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে বলেন, আমাদেরকে হৃদয় প্রসারিত করে মানুষকে ভালোবেসে সহনশীলতা ও পরমতসহিষ্ণুতাকে বুকে ধারণ করে দেশ ও সমাজকে এগিয়ে নিতে হবে।
তিনি সোশ্যাল মিডিয়া ইউটিউবে চরম মিথ্যা প্রচারণা ছড়িয়ে সমাজে যে বিভ্রান্তি বিভাজন তৈরি করার অপচেষ্টা করা হচ্ছে তার উল্লেখ করে বলেন, ‘আমি অন্তত সেই বিভাজনের ফাঁদে পা দেয়ার মানুষ না।’
হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে বুকে বল আনার কথা বলে তিনি বলেন, ‘আমরা একই বৃন্তে ফোঁটা দুটি ফুল।’
ব্যক্তিগত অভিজ্ঞতার স্মৃতিচারণ করে দুই সম্প্রদায়ের মধ্যে অতীত সৌহার্দতার দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, আসুন আমরা হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খৃষ্টান সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা নতুন সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।





