শিক্ষার্থীদের উচিত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে যুক্ত হওয়া: উপদেষ্টা রিজওয়ানা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শিক্ষার্থীদের উচিত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে যুক্ত হওয়া। যে কোনো অবস্থায় সবার ওপর ন্যায়বিচার ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়া।
তিনি আজ রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতাকালে এ আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, শিক্ষা মানে শুধু ডিগ্রি অর্জন নয়। এটি সত্য, ন্যায় ও পরিবেশ রক্ষার প্রতি গভীর দায়বদ্ধতা। শিক্ষাকে শুধু উপার্জনের কাজে না লাগিয়ে তা বাস্তব জীবনে প্রয়োগ করে সমাজ বদল, দেশ গড়া এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর হাতিয়ার হিসেবেও ব্যবহার করতে হবে।
সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, নারী ও পরিবেশ রক্ষার সংগ্রাম একে অপরের পরিপূরক। জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়ে নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, অথচ তারাই এর জন্য সবচেয়ে কম দায়ী। এই ন্যায়ের প্রশ্নেই জলবায়ু সংগ্রাম এক নারীবাদী আন্দোলন।





