“মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক হয়নি”
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে যে প্রক্রিয়ায় আটক করা হয়েছে, তা সঠিক হয়নি।
আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা এ কথা বলেন।
মেঘনা আলমের বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে বলে উল্লেখ করেন ড. আসিফ নজরুল। তিনি বলেন, তার বিষয়ে পুলিশ তদন্ত করছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব শিগগির উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।
সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের ডিটেনশন দেওয়া হয়েছে। এ নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। আপনাদের শুধু একটি জিনিস বলতে চাই, আমরা সরকারের উচ্চপর্যায়ে এ নিয়ে মিটিং করেছি। আমরা এ ব্যাপারে বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান এবং অন্য অনেকের বক্তব্যের বিষয়ে সচেতন আছি।’
এদিকে মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।
মডেল ও মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মেঘনা আলমের বাবার আনা রিটের শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদির সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার সারা হোসেন।
আজকের আদেশের বিষয়ে আইনজীবী সারা হোসেন বলেন, ‘মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে রিটের বিবাদীদের (রেসপনডেন্ট) রুলের জবাব দিতে বলা হয়েছে।’
গত বুধবার রাতে মডেল মেঘনা আলমকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে আটক করা হয়। এরপর বৃহস্পতিবার রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ বিশেষ ক্ষমতা আইনে তাকে ৩০ দিন কারাগারে আটক রাখার আদেশ দেন।





