রাজশাহীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত
রাজশাহীর খড়খড়িতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে নাটোর- রাজশাহী বাইপাস সড়কে ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
রোববার দিবাগত রাত ১২টার দিকে নাটোর- রাজশাহী বাইপাস সড়কের খড়খড়ি এলাকায় একটি ডাম্প ট্রাক ও দুটি বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর অন্তত ৯০ জন নেতাকর্মী ও সমর্থক দুটি বাসে করে শিক্ষা সফরের উদ্দেশে রওয়ানা হন। তাদের সফরের গন্তব্য ছিল বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, পদ্মা সেতু এবং আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ কয়েকজন প্রয়াত জামায়াত নেতার কবর জিয়ারত। তারা মধ্যরাতে বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে একটি বাস উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। আরেকটি বাস সড়কের পাশের দোকানে ঢুকে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের মধ্যে রাতে চিকিৎসাধীন অবস্থায় নাসিম ও জুয়েল মারা যান। আর সোমবার সকালে মারা যান মিজানুর রহমান। খবর পেয়ে রাজশাহী হাসপাতলে যান মহানগর জামায়াতের নেতারা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের লিডার আরিফুল ইসলাম জানান, কিভাবে ডাম্প ট্রাক ও দুটি বাসের মধ্যে সংঘর্ষ হলো তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।





