ভারত এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের এক নতুন অধ্যায় রচনা করতে চায়: প্রেস সচিব
ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক পোস্টে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারত এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের এক নতুন অধ্যায় রচনা করতে চায়। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী বারবার অধ্যাপক ইউনূসকে বলেছেন, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির সঙ্গে নয়।
শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে প্রেস সচিব লিখেছেন, দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অত্যন্ত সম্মান প্রদর্শন করেন এবং তার কাজের ভূয়সী প্রশংসা করেন। ভারতের সঙ্গে শেখ হাসিনার ভালো সম্পর্ক থাকলেও বৈঠকে মোদি বলেন, আমরা আপনার প্রতি তাঁর অসম্মানজনক আচরণ দেখেছি। তবে ভারত সবসময় আপনাকে সম্মান ও মর্যাদার সঙ্গে দেখে আসছে।’
তিনি বলেন, ‘যখন অধ্যাপক ইউনূস প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন, তখন ভারতের প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা আত্মবিশ্বাসী, একদিন শেখ হাসিনাকে ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং আমরা “শতাব্দীর সেরা বিচার” প্রত্যক্ষ করব!’





