“সোমবার থেকেই সচিবালয়ে প্রবেশ করতে পারবেন গণমাধ্যমকর্মীরা”
ডাক, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সোমবার থেকেই সচিবালয়ে প্রবেশ করতে পারবেন গণমাধ্যমকর্মীরা। তাদের জন্য অস্থায়ী পাসের ব্যবস্থা করা হবে।
রোববার (২৯ ডিসেম্বর) সচিবালয়ের সামনে সাংবাদিকদের একথা জানান নাহিদ ইসলাম। যিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।
তিনি বলেন, আছি ভালোই, সাত নম্বর ভবনে আগুন লাগার ঘটনায় তদন্ত চলছে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কোনো কিছু জানতে পেরেছেন কি না-জানতে চাইলে তিনি বলেন, তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তিনদিনের সময় দেওয়া আছে প্রাথমিক রিপোর্ট দেওয়ার জন্য। কালকে কিছুটা জানতে পারবো ঘটনাটি।
তিনি বলেন, ঘটনাটি আমাদের সবার ভেতরে একটি উদ্বেগ তৈরি করেছে, সচিবালয়ে এভাবে আগুন লাগাটা। আমরা ভাবছি পরিকল্পনা হতে পারে, স্যাবোটাজও হতে পারে। সেটা যদি না হয় এবং সচিবালয়ে যদি এরকম ঘটনা ঘটে, সেটাও আমাদের ভাববার বিষয়। এটার জন্য দীর্ঘমেয়াদি সংস্কার প্রয়োজন। আশা করি তদন্ত হলে আমরা বলতে পারবো। তবে জনগণকে শান্ত থাকার এবং ধৈর্য ধারণ করার আহ্বান থাকবে।
ভবনটা কবে নাগাদ চালু হতে পারে এ বিষয়ে উপদেষ্টা বলেন, প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর আমরা সেটা জানতে পারবো।





